জামালপুরে ‘১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী উঠোনে আর্টপেপার অবলোকন’ শীর্ষক সাহিত্য আড্ডার আয়োজন
- আপডেট সময় : ১০:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭০ বার পড়া হয়েছে
আজ ১২ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৪ ঘটিকায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘ আর্টপেপার’ কর্তৃক এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঠক নন্দিত ও প্রথিতযশা সাহিত্য ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানকে দান করে ভিন্নমাত্রা। অদ্যকার সাহিত্য আড্ডায় সাহিত্য সাময়িকী ‘আর্টপেপার’ এর প্রকাশক বিশিষ্ট কবি ডাঃ তারিক মেহেরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্য গবেষক ও প্রাবন্ধিক ইসরাইল খান, কবি,প্রাবন্ধিক ও সাহিত্য গবেষক ডঃ মাসুদুল হক, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শহীদ ইকবাল ও জামালপুরের কৃতি সন্তান কথাসাহিত্যিক আতা সরকার। আলোচকবৃন্দ বাংলা সাহিত্যে সাহিত্য সাময়িকীর উত্থান ও বিকাশ, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ও উৎকর্ষ সাধন সম্পর্কে আলোচনার পাশাপাশি বাংলা সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা জামালপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি ও সাংবাদিক প্রয়াত হাসান হাফিজুর রহমান, বিশিষ্ট গীতিকার প্রয়াত নজরুল ইসলাম বাবু, বিশিষ্ট নাট্যকার প্রয়াত আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট চলচ্চিত্রকার প্রয়াত আমজাদ হোসেন এবং সাহিত্য সাময়িকী প্রকাশক প্রয়াত আশরাফুজ্জামান খন্দকার ও প্রয়াত আহমেদ আজিজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সরকারি জাহেদা-সফির মহিলা কলেজের অধ্যক্ষ কবি আব্দুল হাই আল হাদী, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ‘আর্টপেপার’ সাহিত্য সাময়িকীর প্রধান সম্পাদক ফাররোখ আহমেদ ও সম্পাদক বিশিষ্ট কবি মাহবুব বারি।অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপনী বক্তব্যে সম্পাদক বিশিষ্ট কবি মাহবুব বারি বাংলা একাডেমির মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১৭৫ বছরের সাহিত্য সাময়িকীর দালিলিক প্রমাণাদি সংগ্রহ করে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার জোর দাবি জানান এবং প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামালপুরের বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি হৃদয় লোহানীর তত্ত্বাবধানে ‘ আর্টপেপার থেকে নির্বাচিত রচনা পাঠ’ শীর্ষক কবিতা আবৃত্তি কর্যক্রম পরিচালনা করা হয়।
বিভিন্ন জেলা থেকে আগত সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় সাহিত্য প্রেমীদের মিলনমেলায়। অদ্যকার সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি রজব বকশি, কবি মনোয়ার হোসেন মুরাদ, কবি ও গীতিকার রুবেল প্রাকৃতজন, প্রবীণ কবি আবুল ফজল, নান্নু পরভেজ, কবি হারুন দুলাল, নবীন কবি ও সাহিত্য সংগঠক মোঃ পারভেজ সরকার, মফিজুল হক, কবি বিধান দত্ত ও বঙ্গসংবাদ জামালপুর সদর উপজেলা প্রতিনিধি কবি মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।






















