বাঁশখালীর পিচঢালা পথ এখন গর্ত আর কাদা !
- আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ মাধ্যম বাঁশখালী প্রধান সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক চরম ভোগান্তির নাম। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। পুরো সড়ক জুড়ে জমে থাকা কাদা আর পানি।
বর্তমানে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু থেকে শুরু করে, পুকুরিয়া, বৈলছড়ি, মিয়ার বাজার, টাইমবাজার, চাম্বলবাজার, পেকুয়া সীমান্ত পর্যন্ত প্রায় প্রতিটি অংশই কমবেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে বৈলছড়ি, গুনাগরি, শীলকূপ, ও চাম্বল বাজারের প্রধান অংশ গুলোতে সড়কে পিচঢালা উঠে গর্ত হয়ে গেছে। ছোট বড় সব গর্তে প্রতিনিয়ত ভোগান্তিতে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং পণ্যবাহী ট্রাক। এতে সড়কটিতে প্রতিনিয়ত আরো তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ভাঙা ও কর্দমাক্ত সড়কের কারণে প্রতিদিনের যাতায়াত নরকযন্ত্রণায় পরিণত হতে চলছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী এবং জরুরি চিকিৎসা প্রত্যাশী রোগীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
পরিবহন চালকদের দাবি, এই বেহাল সড়কের কারণে গাড়ির পার্টস নষ্ট হয়ে যাচ্ছে নিয়মিত, যার ফলে প্রতিদিন তাদের লোকসান গুনতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অতি দ্রুত সড়কটি টেকসইভাবে সংস্কার করা না হলে যেকোনো সময় বাঁশখালীর সড়কটি আরো গর্ত সৃষ্টি হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।






















