বকশীগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান, মদ-ইয়াবাসহ আটক ৬, অনলাইন জুয়ায় ৩
- আপডেট সময় : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৮ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। পৃথক অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ ও ৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ/বকশীগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি চৌকস অভিযানিক দল জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে বকশীগঞ্জে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
১৩ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানাধীন গেদরা এলাকায় জনৈক সামিউল ইসলামের মুরগির খামারের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—ধানুয়া কামালপুর এলাকার মো. আবু তালেব (৩৫), মো. ইসমাইল (৩০) ও মো. মোরাদ মিয়া (২৩)।

পরদিন ১৪ সেপ্টেম্বর মালিরচর নয়াপাড়া এলাকায় জনৈক সামিউলের কলাবাগানের পাশে সরকারি পাকা সড়কের ওপর অভিযান চালায় ডিবি। এ সময় ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ সবুর মিয়া (২৭), মামুন মিয়া (২১) ও জুয়েল মিয়া (৩২)-কে আটক করা হয়।
এ ছাড়া একই এলাকায় আইরমারী নতুনপাড়ায় জনৈক জামিউলের বসতবাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ফারুক (৩৬), কামাল (২৮) ও সামিউল (২৩)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পৃথক এসব অভিযানে আটক ৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।






















