শেরপুরে নারীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৫ বার পড়া হয়েছে
শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামে রুফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে আরিফ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাতশালা ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুফিয়া বেগম তিন সন্তানের জননী। গ্রেপ্তার আরিফ একই গ্রামের মওলা মিয়ার ছেলে এবং সম্পর্কে নিহতের ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে রুফিয়া বেগম বাড়ির উঠানে চেয়ারে বসে ছোট শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিলেন । এ সময় আরিফ হোসেন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আরিফ নিজ বাড়িতে গিয়ে গোসল করে আত্মগোপনের চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আরিফকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি থেকে রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আরিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।






















