সারাইলে পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান;১ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ২০৯৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে এক কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন। সাজা ও জরিমানা প্রাপ্ত কামাল মিয়া (৪০) জেলার বিজয়নগর উপজেলার আবদুল গফুরের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে
অবৈধভাবে পলিথিন প্রস্তুত করে আসছে। এমন খবরের ভিত্তিতে দুপুরে কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক কামাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় সরাইল থানা পুলিশ উপস্হিত ছিলো।






















