শিরোনাম ::
চট্টগ্রামে ছেলের বিয়ের আসর থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
গাজী গোফরান, চট্টগ্রাম:
চট্টগ্রামে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ছাত্র-জনতার তোপের মুখে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর টাইগারপাস এলাকায় অবস্থিত নেভি কনভেনশন হলে তাঁর ছেলের বিয়ের আয়োজন করা হয়। কনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি। বিয়ের অনুষ্ঠানে বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত আনুমানিক ৯টার দিকে শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে এসে জড়ো হয়। এরপর মুহূর্তেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তারা সেন্টারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে ফখরুল আনোয়ারকে ঘিরে ফেলে।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’— এমন নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা টিম তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সময়ের কণ্ঠস্বরকে জানান, ফখরুল আনোয়ারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ খবর অনুযায়ী, নেভি কনভেনশন হলের বাইরে এখনো বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান করছে। তাদের সঙ্গে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।
ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কেন ছাত্র-জনতা তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অতীত কোনো ঘটনার জেরে তার বিরুদ্ধে এই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় পুরো চট্টগ্রামজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং নৌবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। তবে এ ঘটনায় কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো পরিষ্কার নয়।
ট্যাগস :






















