নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ২০৯৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ও সাভার সরকারী কলেজ ছাত্রদল। সোমবার বেলা ১১ টায় সাভার সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি সাভার সরকারী কলেজের সামনে থেকে শুরু হয়ে থানা রোডের মুক্তির মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে শেষ করা হয় ।
এসময় সেখানে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী স্লোগানে মুখরিত করে তুলেন । এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি
মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার সরকারী কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হাসিবুর রহমান পিয়াস সহ জেলা ও কলেজের অন্যান্য নেতাকর্মীরা।






















