দোকানিকে কুপিয়ে হত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য
- আপডেট সময় : ০৩:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২১৬২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে একটি কনফেকশনারি দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারীবাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালেই আনোয়ার দোকানে ছিলেন। তখন মো. ইউসুফ নামের এক যুবক তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ইউসুফ পলাতক; তিনি ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারীবাড়ির বাসিন্দা এবং দেড় বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, “আমরা জানি না আমার স্বামীকে কেন হত্যা করা হলো। এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যক্তিগত বিরোধের ফল। অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।



























