মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।
- আপডেট সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৯৭ বার পড়া হয়েছে
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশের সুযোগ থাকবে না; ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের গেট বন্ধ হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০।
পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে প্রবেশপত্র, কালো বা নীল স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক যন্ত্র বা অন্য কোনও ব্যাগ কেন্দ্রে নিয়ে আসা নিষিদ্ধ।
ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে— জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর।
এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩,০৫১টি। সরকারি মেডিকেল কলেজে ৫,১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ৬,০০১ এবং ডেন্টাল কলেজে ১,৪০৫টি আসন আছে। এমবিবিএস কোর্সে মোট ১১,১০১টি এবং বিডিএস কোর্সে ১,৯৫০টি আসন রয়েছে।
মন্ত্রণালয় পরীক্ষার্থীদের অনুরোধ করেছে, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার। মন্ত্রণালয়ের দাবি, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই।




























