বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ প্রস্তুতি
- আপডেট সময় : ০৬:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ দুটি উপলক্ষ ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘বড়দিন একটি সার্বজনীন উৎসব। বড়দিনকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিশ্চিত করা হবে।’
সভায় জানানো হয়, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সাইবার মনিটরিং জোরদার করা হবে।
এছাড়া থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজার, কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় দেশের বিভিন্ন গির্জায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বড়দিন উপলক্ষে পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।




























