জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা।
- আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামে থাকা একটি ফ্ল্যাট সিলগালা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি প্রজেক্টের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে অবস্থিত আটতলা ভবন ‘জয়িতা’-এর তৃতীয় তলার ফ্ল্যাটটি সিলগালা করা হয়। জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এ অভিযান পরিচালনা করেন। ভবনের অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেওয়ায় আপাতত সেগুলো সিলগালা করা হয়নি।
অভিযানকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের কানুনগো দেলোয়ার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আবুল কালামসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
গত বছরের ২৪ এপ্রিল আদালত জিয়াউল আহসানের বাগানবাড়িসহ চারটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়। এছাড়া তার নামে থাকা নয়টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেন, যেখানে এক কোটি ২৮ লাখ টাকা রাখা আছে। তার নামে থাকা বিভিন্ন কৃষিজমি জব্দেরও নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, জিয়াউল আহসান নিজ নামে ২২ কোটি ২৭ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করার অভিযোগ রয়েছে। তার আটটি সক্রিয় ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, স্ত্রী নুসরাত জাহানের সহায়তায় এ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।
মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধের উল্লেখ আছে। এ মামলায় গত বছরের ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়।




























