কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, নিরপরাধ কেউ যেন প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে বর্তমানে চলমান বিচারকাজগুলো সম্পন্ন করার জন্য তিনি কাজ করবেন এবং জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নিরপরাধ ব্যক্তিদের কোনোভাবেই হয়রানির শিকার হতে দেওয়া হবে না। তবে যারা অপরাধ করেছেন, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে প্রসিকিউশন সর্বোচ্চ চেষ্টা চালাবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, কারও প্রতি বিদ্বেষ পোষণ না করে সম্পূর্ণ আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হবে। তার দায়িত্বকালে আইনের বাইরে সরকার বা অন্য কারও নির্দেশনার কোনো সুযোগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া, তার সময়কালে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের গতি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন আমিনুল ইসলাম।




























