সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালের চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অফিস সময়ে কর্মস্থলে না থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখানোর অভিযোগে সরকারি চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের চিকিৎসা লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন, সেই প্রতিষ্ঠানকেও নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ডিউটি চলাকালীন বেসরকারি প্র্যাকটিসের ঘটনা রোধে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে।
তিনি নিশ্চিত করেন, সরকারি হাসপাতালে দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নের অংশ হিসেবে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ এক লাখ জনবল নিয়োগের ঘোষণা দেন মন্ত্রী। এর মধ্যে ৮০ শতাংশ পদই নারীকে অর্পণ করা হবে।




























