শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন দাখিল দ্রুত: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের তদন্ত সম্পন্ন পর্যায়ে আছে এবং দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি বলেন, এই মামলায় উচ্চ পর্যায় থেকে নীচ পর্যায়ের যেকেউ জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে যে সমস্ত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে আনা হবে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া সকল মামলার তথ্যও সংগ্রহ করা হয়েছে এবং এদের অনিয়ম আছে কি না, তা যাচাই করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে যাদের নাম আসবে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’




























