প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ২১৪৭ বার পড়া হয়েছে
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনের আয়োজক ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট’ জানিয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
সকালের দিকে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এতে করে পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এর আগে, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন— এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা হবে, দেওয়া হবে ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশে বাড়ানো হবে।
তবে দুই মাস পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়, যা শিক্ষক সমাজে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে।


























