সিলেট টেস্ট: দিনের শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০/৮
- আপডেট সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২১১৭ বার পড়া হয়েছে
দিনের শেষটা বাংলাদেশের জন্য দারুণই হলো। মনে হচ্ছিল ৭ উইকেট হারিয়েই দিন শেষ করবে আয়ারল্যান্ড। তাইজুল ইসলামও থাকবেন উইকেটশূন্য। কিন্তু দিনের একদম শেষ বলেই জর্ডান নিলকে এলবিডব্লু করে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। বাংলাদেশের হয়ে অষ্টম উইকেট এনে দেন তাইজুল।
আইরিশরা অবশ্য রিভিউ নিয়ে দিনের খেলা শেষ হতে কিছুটা দেরি ঘটালেও টিভি আম্পায়ার ‘আউট’ নিশ্চিত করতেই মাঠের আম্পায়ার বেল ফেলে দেন। দিনশেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান।
দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু ফিল্ডিং ব্যর্থতায় প্রথম দিনেই প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি। চারটি ক্যাচ মিস হয়, যার মধ্যে প্রথম দুটি আসে ইনিংসের প্রথম ছয় ওভারের মধ্যেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও কেইড কারমাইকেল যোগ করেন ৯৮ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে দিনের সেরা বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ—তিনি নিয়েছেন ৩ উইকেট। অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ পেয়েছেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট ভাগ করে নিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, নিল ৩০, ম্যাকার্থি ২১*; মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭, মাহমুদ ১/৩২, রানা ১/৬৫, তাইজুল ১/৭২) — প্রথম দিন শেষে
১৫:৩৯ — মিরাজের হাতে সপ্তম উইকেট
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৭৩ ওভারে ২২২/৭
অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে সপ্তম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। সামনে এগিয়ে মারতে গিয়ে ব্যর্থ হন ম্যাকব্রাইন; মুহূর্তেই স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার লিটন দাস। ৫ রান করে ফেরেন ম্যাকব্রাইন।
১৫:২০ — মুরাদের দ্বিতীয় শিকার, টাকার আউট
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৬৮ ওভারে ২১৮/৬
লোরকান টাকারকে স্টাম্পিং করে ষষ্ঠ উইকেট এনে দেন হাসান মুরাদ। এর আগে তিনিই কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন।
১৫:০৬ — টেস্টে প্রথম উইকেট মুরাদের
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৩/৫
তাইজুল ইসলামের বলে ছক্কা মেরে আয়ারল্যান্ডকে ২০০ রানে পৌঁছে দিয়েছিলেন ক্যাম্ফার। কিন্তু পরের ওভারেই হাসান মুরাদের বলে স্লিপে ধরা পড়েন তিনি। ৯৪ বলে ৪৪ রান করে ফেরেন ক্যাম্ফার। এটি মুরাদের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট।
১৪:১৬ — দ্বিতীয় সেশনে বাংলাদেশের ৩ উইকেট
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৫৬ ওভারে ১৮৪/৪
লাঞ্চের পর দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের প্রথম দুই ওভারেই দুটি উইকেট তুলে নেয় তারা। পুরো সেশনে ৩০ ওভারে ৯০ রান খরচে ৩ উইকেট নেয় বাংলাদেশ।
১৩:৪৭ — আবারও ক্যাচ মিস
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৫০ ওভারে ১৭১/৪
হাসান মুরাদের বলে ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ১১ রানে জীবন পান লোরকান টাকার। এর আগেও প্রথম সেশনে একাধিক ক্যাচ মিস করেছিল বাংলাদেশ।
১৩:৩৪ — ফিরলেন কারমাইকেল
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১৫৭/৪
মেহেদী হাসান মিরাজের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যর্থ হন কারমাইকেল। স্লিপে দাঁড়িয়ে নাজমুল শান্ত দুর্দান্ত ক্যাচ নেন। আম্পায়ার ‘নট আউট’ দিলে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলায় বাংলাদেশ। অভিষেক ইনিংসে ৫৯ রান করে ফেরেন কারমাইকেল।
১৩:০২ — অভিষেকে ফিফটি কারমাইকেলের
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ১৩৩/৩
নিজের প্রথম টেস্ট ইনিংসেই দুর্দান্ত ফিফটি করেন কেইড কারমাইকেল। ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি।




























