শততম টেস্টে করা সেঞ্চুরিটি দাদা-দাদি ও নানা-নানিকে উৎসর্গ করলেন মুশফিক
- আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুরে তার শততম টেস্ট মাঠে গড়িয়েছে—এমন অর্জন বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের নেই। টেস্টের ১৫০ বছরের ইতিহাসেও মাত্র ৮৪ জন ক্রিকেটারের এ মাইলফলক স্পর্শ করার সৌভাগ্য হয়েছে।
এই বিশেষ ম্যাচটিকে আরও উজ্জ্বল করেছেন মুশফিক এক দারুণ সেঞ্চুরিতে। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের মাত্র ১১ জন ব্যাটারের একজন এখন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের এই স্মরণীয় ইনিংসটি উৎসর্গ করেন দাদা-দাদি ও নানা-নানিকে।
মুশফিক বলেন, ‘আমি আমার দাদা-দাদি আর নানা-নানিকে এই সেঞ্চুরি উৎসর্গ করছি। কারণ তারা বেঁচে থাকতে আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। শেষ দিকে অসুস্থ অবস্থাতেও তাঁরা বলতেন, “ভাই, তোমার খেলা দেখার জন্যও আমরা কিছুদিন বাঁচতে চাই।” খুব কম নাতি-নাতনিই এমন সৌভাগ্য পান। তাদের দোয়া নিয়েই আমি আজকের অবস্থানে পৌঁছেছি।’
তিনি আরও জানান, অনেকের প্রতি কৃতজ্ঞতা থাকলেও এই বিশেষ ইনিংসটি তিনি সবচেয়ে বেশি উৎসর্গ করতে চান দাদা-দাদি ও নানা-নানিকে।




























