নভেম্বরের ২২ দিনে এক টাকাও রেমিট্যান্স পায়নি ৮ ব্যাংক
- আপডেট সময় : ০৭:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২১০৩ বার পড়া হয়েছে
চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে আটটি ব্যাংকে এক ডলারও রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যে আটটি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি তাদের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে আল ফারাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও রেমিট্যান্স আসেনি।
নভেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংক এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোতে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, ১৬–২২ নভেম্বর দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগের সপ্তাহে (৯–১৫ নভেম্বর) আসে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২–৮ নভেম্বর আসে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। নভেম্বরের প্রথম দিনই আসে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে দেশে। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।




























