দক্ষিণ এশিয়া হবে বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল—বিশ্বব্যাংক
- আপডেট সময় : ১২:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১০১ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে গুরুতর জলবায়ুগত অভিঘাত মোকাবিলা করতে হবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মধ্যে পড়বে। তাপমাত্রা বৃদ্ধি, ভয়াবহ বন্যা, উপকূলে লবণাক্ততা বাড়াসহ বিভিন্ন বিপর্যয় সবচেয়ে বেশি প্রভাব ফেলবে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও কর্মসংস্থানে। পারিবারিক পর্যায়েও ঝুঁকি বহুগুণে বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি অবকাঠামো উন্নয়ন, তথ্য সংগ্রহ ও অভিযোজন–সব ক্ষেত্রেই প্রয়োজন বড় ধরনের বিনিয়োগ। বাংলাদেশের বহু নীতি ও কর্মপরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জ।
তিনি আরও জানান, এ বিষয়ে পাইলট প্রকল্প চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয় করে বিশেষ পরিকল্পনা গ্রহণে সরকার কাজ করছে।




























