দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়লো
- আপডেট সময় : ০৩:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২০৯১ বার পড়া হয়েছে
সবশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে ভারতকে তাদের মাটিতে টেস্টে ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ঠিক ২৫ বছর পর, বুধবার (২৬ নভেম্বর) আবার ভারতকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা।
টেম্বা বাভুমার নেতৃত্বে গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে ভারতকে ৪০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ভারত ৫৪৯ রানের অসম্ভব টার্গেট তাড়া করতে নেমেও শেষ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলছিল। দুই সেশন ব্যাটিং করে হার এড়ানোও সম্ভব হয়নি।
শেষ দিনের প্রথম সেশনের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার এক ওভারে কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে আউট করেন। এরপর ঋশাভ পান্তকেও বিদায় দিয়ে ভারতকে প্রতিরোধ গড়ার আগেই ভেঙে দেন। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা। প্রথম সেশন শেষে সুদর্শন ১৩৪ বলে ১৪ এবং জাদেজা ৪০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় সেশনের পঞ্চম বলেই এই জুটি ভেঙে যায়। সুদর্শন মুথুসামির বলে আউট হন, এরপর জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ম্যাচ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন। এ সময় দক্ষিণ আফ্রিকান ফিল্ডার এইডেন মারক্রাম এক টেস্টে ৯ ক্যাচ নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন।
শেষ পর্যন্ত জাদেজা ৫৪ রানে আউট হন এবং শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজকে মার্কো জানসেন এক দুর্দান্ত ক্যাচে আউট করেন। হারমার ম্যাচে ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ৬ উইকেট নেন এবং পুরো টেস্টে ৯টি উইকেটের কীর্তি গড়েন।




























