জার্মানির শীর্ষ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন ফুটবল তারকা টনি ক্রুস
- আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২১৫৮ বার পড়া হয়েছে
মাঠের ভেতর-বাইরে দেশের জন্য অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘নাইটস ক্রস অব দ্য অর্ডার অব মেরিট’ পেলেন বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক সরল অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার তার হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও দলের কোচ শাবি আলোনসো।
ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের প্রায় সব প্রধান শিরোপা জেতা ক্রুস জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। বুটজোড়া তুলে রাখার দেড় বছর পরও নানা সম্মাননায় ভূষিত হচ্ছেন এই সাবেক মাঝমাঠের জাদুকর।
এর আগে গত জুলাইয়ে সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য নিজ শহরের স্বীকৃতি পেয়েছিলেন ক্রুস। এবার সেই সীমা পেরিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে এলো সর্বোচ্চ সম্মাননা। দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসুস্থ শিশু ও তাদের পরিবারকে সহায়তা করছেন তিনি, যার কারণেই মূলত এই পুরস্কার।
সম্মাননা পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় ক্রুস বলেন, ‘এটা আমার জন্য বড় অর্জন। জার্মানির সর্বোচ্চ সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমাদের ফাউন্ডেশনের কাজের কারণে এই পুরস্কারটি বিশেষ অর্থ বহন করে। অনুষ্ঠানটি বার্নাব্যুতে হবে—জানার পর আরও আনন্দিত হয়েছিলাম। এখানে আমি দশ বছরেরও বেশি সময় কাটিয়েছি; এটা আমার দ্বিতীয় ঘর।’
রিয়াল সভাপতি পেরেজ বলেন, ‘আমাদের ঘরে জার্মান প্রেসিডেন্টকে স্বাগত জানানো বড় সম্মান। টনি ক্রুস আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতীক। তিনি রিয়াল মাদ্রিদে দশ মৌসুমে অসাধারণ অবদান রেখেছেন এবং জার্মানি-স্পেন সম্পর্ক আরও দৃঢ় করেছেন।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপসহ বায়ার্ন ও রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩২টি ট্রফি জিতেছেন টনি ক্রুস।




























