আমিরুলের টানা হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে বাংলাদেশিরা দেখাল দারুণ চমক
- আপডেট সময় : ০৬:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৬ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপ হকিতে শুরু থেকেই দারুণ ছন্দে খেলছে বাংলাদেশ দল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচে ১৫ গোল করে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। এরই মধ্যে চার ম্যাচে করেছেন হ্যাটট্রিক এবং টানা দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।
রোববার (৭ ডিসেম্বর) মুম্বাইয়ে ১৭–২৪তম স্থান নির্ধারণী পর্বে ২-০ গোলের ব্যবধান থেকে ফিরে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। এই জয়ে ২৪ দলের প্রতিযোগিতায় অন্তত ১৭ বা ১৮তম স্থান নিশ্চিত হয়েছে লাল-সবুজের।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন আমিরুল। ২১, ২৪ ও ৩৪ মিনিটে গোল করে তিনি পূরণ করেন ব্যক্তিগত আরেকটি হ্যাটট্রিক। দলের বাকি দুই গোল করেন ওবায়দুল জয় ও রাকিবুল হাসান।
ম্যাচের শুরুটা ছিল কোরিয়ার দাপটে। প্রথম ১০ মিনিটেই লির স্টিকে এগিয়ে যায় দলটি। ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দ্বিতীয় গোলও করেন তিনি। তবে এরপরই বদলে যেতে শুরু করে ম্যাচের চিত্র।
২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল। তিন মিনিট পর আরেক পেনাল্টি কর্নার থেকে সমতাও ফেরান তিনি।
৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড। শেষ কোয়ার্টারে ৪-২ করেন জয়। যদিও পরের মিনিটেই লি নিজের হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান কমান, তবুও শেষ মুহূর্তে রাকিবুলের গোল নিশ্চিত করে বাংলাদেশের স্মরণীয় জয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলের হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ড্র এবং গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৩-২ গোলের হারের পর প্লেসিং রাউন্ডে এসে দেখা মিলল দুর্দান্ত প্রত্যাবর্তনের।
সোমবার (৮ ডিসেম্বর) অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচে জিততে পারলে ২৪ দলের যুব বিশ্বকাপে ১৭তম হয়ে টুর্নামেন্ট শেষ করবে তারা।




























