আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে কোহলি, ক্যারিয়ারসেরা পজিশনে স্টার্ক।
- আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে যখন প্রশ্ন উঠেছিল— ‘বিরাট কোহলির ক্যারিয়ার কি শেষের পথে?’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ হতেই আলোচনা ঘুরেছে নতুন দিকে— ‘তিনি কি র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠবেন?’ কারণ, দুর্দান্ত ফর্মে ফিরেই ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারতীয় তারকা।
প্রোটিয়াদের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন কোহলি।
ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো ৩৭ বছরের কোহলির ওয়ানডে ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়া সিরিজে টানা দুই ম্যাচে ‘ডাক’ মারার পর— ক্যারিয়ারে যা প্রথম। তবে তৃতীয় ম্যাচে ৭৪ রানে অপরাজিত থেকে রানে ফেরেন তিনি। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে ১৩৫ এবং রাইপুরে ১০২ রানের সেঞ্চুরি করেন। বিশাখাপট্টমেও সেঞ্চুরির পথে ছিলেন; ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে রোহিত শর্মার ঠিক পেছনে নিয়ে এসেছে। রোহিতের ৭৮১ রেটিং পয়েন্টের তুলনায় কোহলির পিছিয়ে থাকা মাত্র ৯ পয়েন্ট— ফলে এক নম্বরের দাবিদার তিনিই। ওয়ানডে র্যাঙ্কিংয়ে লোকেশ রাহুলও দুই ধাপ উঠে এখন ১২ নম্বরে।
বোলারদের তালিকায় কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে এখন তিনে।
অন্যদিকে, অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শেষে গ্যাবায় ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন মিচেল স্টার্ক। রেটিং পয়েন্ট ৮৫২ নিয়ে তিনি এখন তিন নম্বরে। একই ম্যাচে ব্যাট হাতেও করেছেন গুরুত্বপূর্ণ ৭৭ রান, ফলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছেন।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়ারা ১৭৫ রানের জবাবে ৭৪ রানে গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ ২২ রান করা দেওলাদ ব্রেভিস র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন আটে। বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের অক্ষর প্যাটেল ১৩, আর্শদীপ সিং ২০ ও জাসপ্রিত বুমরাহ ২৫ নম্বরে উঠে এসেছেন।




























