টানা চার ম্যাচে পরাজয়, র্যাঙ্কিংয়ে আট ধাপ নিচে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
গত আগস্টে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে নজর কাড়লেও মাত্র চার মাসের ব্যবধানে বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। টানা চার আন্তর্জাতিক ম্যাচে হারের প্রভাব পড়েছে সর্বশেষ র্যাঙ্কিংয়ে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত ফিফার হালনাগাদ তালিকায় ৮ ধাপ পিছিয়ে ১১২ নম্বরে নেমে গেছে পিটার বাটলারের শিষ্যরা। আগস্টে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪ নম্বরে।
গত আগস্টের পর বাংলাদেশ চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে তারা হেরে যায় ৩-০ এবং ৫-১ ব্যবধানে। এরপর নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত তিন জাতি সিরিজে মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত হয়। চার ম্যাচে মাত্র ২ গোল করলেও হজম করেছে ১১ গোল।
এই ব্যর্থতার প্রভাব পড়েছে রেটিং পয়েন্টেও। আগস্টে বাংলাদেশের পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩, যা কমে ডিসেম্বরের র্যাঙ্কিংয়ে দাঁড়িয়েছে ১১৬৭.৬১১—অর্থাৎ কমেছে ১২.২৬ পয়েন্ট। উল্লেখ্য, আগস্টে সর্বাধিক (+৮০.৫১) পয়েন্ট অর্জন করে সবচেয়ে বেশি অগ্রগতি করা দল ছিল বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অবস্থান এখনো শীর্ষে; চার ধাপ পিছিয়ে তারা রয়েছে ৬৭ নম্বরে। নেপালের অবস্থান ৮৯। আর বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে আগের মতোই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম পাঁচে আছে আরও যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন।




























