দেশ কঠিন সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে: উপদেষ্টা শারমীন
- আপডেট সময় : ০৫:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ২১০২ বার পড়া হয়েছে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের জুলাইয়ের পরও দেশ কঠিন সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির প্রভাব শুধু বর্বর মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ নয়; শিশুরা ও তরুণরাও মানসিকভাবে এক কঠিন সময় অতিক্রম করছে। তাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেবা নিশ্চিত করতে সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট নিয়োগের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কাউন্সেলিং ও থেরাপি—উভয় ধরনের সেবাই রাখতে হবে।
রোববার দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এ বছর ঢাকা মেডিকেল কলেজে মেয়েদের ভর্তি সংখ্যা বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীই মেয়ে। শিক্ষার সব স্তরে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে—এটি যেমন আনন্দের, তেমনি শঙ্কারও। কারণ ছেলেদের ক্ষেত্রে কী ঘটছে, তারা কেন ঝরে পড়ছে বা শিক্ষাবিমুখ হচ্ছে, অন্য কোনো আকর্ষণে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে—এসব বিষয় খতিয়ে দেখা জরুরি। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে নতুন সংকট তৈরি হতে পারে।
সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। সমাবর্তনের চেয়ার হিসেবে উপদেষ্টা শারমীন এস মুরশিদ গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সামার ২০২০ থেকে স্প্রিং ২০২৫ সেমিস্টার পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ মোট ৫ হাজার ৩৭৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য দেন।


























