“বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু জাতির অবমাননার বিনিময়ে নয়”—আসিফ নজরুল
- আপডেট সময় : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২১১২ বার পড়া হয়েছে
এক মোস্তাফিজ ইস্যুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। বাংলাদেশের স্পষ্ট অবস্থান—জাতির মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তা প্রশ্নে কোনো আপস নয়। এ কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত ফিজকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার পরপরই ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা জানায় বিসিবি। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কড়া অবস্থান নেয়া হয়—বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এদিকে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ আইসিসি আমলে নিচ্ছে না। বরং বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন এবং পয়েন্ট কাটার হুঁশিয়ারির কথাও উল্লেখ করা হয়। তবে এসব দাবি সরাসরি নাকচ করেছে বিসিবি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, “বিশ্বকাপ খেলতে চাই, তবে জাতির অবমাননার বিনিময়ে নয়। অসম্মান ও নিরাপত্তাহীনতার মধ্যে খেলতে আমরা রাজি নই।”
তিনি আরও বলেন, “নিরাপত্তা ইস্যুই আমাদের কাছে মুখ্য। ভারতে খেলার মতো পরিস্থিতি নেই। ক্রিকেটারদের মর্যাদা রক্ষায় আমরা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন চাই।”
আইসিসির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, প্রথমে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং প্রয়োজন হলে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হবে।
বুধবার (৭ জানুয়ারি) ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে যোগাযোগের পর বিসিবি এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
একই সঙ্গে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে আল্টিমেটামের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি। বোর্ডের ভাষ্য, এসব প্রতিবেদন আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত অবস্থান বা বক্তব্যকে প্রতিফলিত করে না।




























