এলপি গ্যাস আমদানিতে ২৭০ দিনের ক্রেডিট সুবিধা
- আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১২২ বার পড়া হয়েছে
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি প্রক্রিয়া ত্বরান্বিত করতে নতুন নীতিগত সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করা হবে, যার ফলে আমদানিকারকরা সর্বোচ্চ ২৭০ দিনের মধ্যে বাকিতে মূল্য পরিশোধ করতে পারবে।
রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরে দেশে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এই প্রক্রিয়ায় বেশি সময় লাগে, তাই আমদানিতে সুবিধা দিতে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সার্কুলারের মাধ্যমে আমদানিকারকরা সরবরাহকারীর বাণিজ্যিক ঋণ ছাড়াও বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতা ঋণ নিতে পারবে। পাশাপাশি দেশের নির্ধারিত ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা যাবে। তবে সব ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিধিমালা ও ঋণ সংক্রান্ত সতর্কতামূলক নীতিমালা মেনে চলতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলপিজি আমদানি ও বাজারজাত করতে বেশি সময় লাগে, ফলে নগদ অর্থপ্রবাহে চাপ তৈরি হয়। এ চাপ কমানো এবং জ্বালানি খাতের এই গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি সহজ করতে নতুন এই সুবিধা চালু করা হয়েছে।




























