ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দিল আইসিসি প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, নিজেদের অবস্থান থেকে একচুলও সরছে না বোর্ড।
আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি আবারও স্পষ্টভাবে তুলে ধরে বাংলাদেশ। বৈঠক শেষে বিসিবি জানায়, ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যুতে খেলার দাবিতে তারা এখনও অনড় রয়েছে।
নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে এর আগেই আইসিসিকে চিঠি দিয়ে ভারতে না গিয়ে বিশ্বকাপ খেলার অনুমতি চেয়েছিল বিসিবি। একাধিক দফা আলোচনা হলেও বাংলাদেশের অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে আইসিসি। এই অচলাবস্থা নিরসনেই মূলত আজ ঢাকায় আসে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি দল।
এর আগে বৃহস্পতিবার বিপিএলের একটি ম্যাচ দেখতে এসে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করে জানান, বোর্ড ও সরকার—উভয় পক্ষই মনে করে ভারত সফরে খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত নয়। সে কারণেই এই অবস্থান থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।
আজকের বৈঠকেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে বিসিবির আশা, আলোচনার ফলাফল ইতিবাচক হবে। আইসিসির প্রতিনিধিরাও দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন।




























