সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করার ঘোষণা খুশির
- আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। দলের নেতৃত্ব দিচ্ছেন ৩৫ বছর বয়সী ব্যাটার সূর্যকুমার যাদব। শুক্রবার (২৩ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে চমকপ্রদ এক ইনিংস খেলেন তিনি, যা দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার এমন পারফরম্যান্সে প্রশংসায় মুখর হয়েছেন দর্শক ও গণমাধ্যম।
এর মধ্যেই আলোচনায় এসেছে সূর্যকুমার যাদবকে ঘিরে নতুন এক বিতর্ক। বলিউড অভিনেত্রী খুশি মুখার্জি তার বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে খুশি মুখার্জি দাবি করেন, সূর্যকুমারের সঙ্গে তার যে কথোপকথনের বিষয়টি সামনে এসেছে, তা ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ এবং সেখানে কোনো অশালীনতা ছিল না। কিন্তু ওই কথোপকথনকে কেন্দ্র করে তার সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
খুশি মুখার্জি আরও বলেন, এখন পর্যন্ত তিনি কোনো আইনি নোটিশ পাননি এবং কাউকে নিয়ে কোনো সম্মানহানিকর মন্তব্যও করেননি। তার অভিযোগ, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টি উসকে দিয়ে আলোচনায় রাখার চেষ্টা করছেন।
এদিকে খুশির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় আসে সূর্যকুমার যাদব ও খুশি মুখার্জিকে ঘিরে চলমান বিতর্ক। এর আগে সূর্যকুমারের এক ভক্ত ও ইনফ্লুয়েন্সার খুশি মুখার্জির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছিলেন। পাল্টাপাল্টি আইনি পদক্ষেপের ঘোষণায় ভারতীয় ক্রিকেট ও বিনোদন অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য




























