সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান
- আপডেট সময় : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কোর্টে ঠেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকার খেলতে বললে পাকিস্তান খেলবে, আর বয়কটের সিদ্ধান্ত নিলে সেই পথেই হাঁটবে—এমন মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি জানান, বিষয়টি এখনো আলোচনাধীন এবং সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানা যাবে বলে জানান নাকভি।
বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনা জোরালো হয়েছে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। সাবেক অধিনায়ক রশিদ লতিফও বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পাকিস্তানকে বয়কটের আহ্বান জানিয়েছেন। ফলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি না—এ নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই।
এই প্রসঙ্গে মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং আইসিসির দ্বিমুখী নীতিতে তারা অসন্তুষ্ট। একেক দেশের ক্ষেত্রে একেক রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। নাকভির ভাষ্য, বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের খেলার সুযোগ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, “একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি সে ধরনের চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানেরও নিজস্ব অবস্থান রয়েছে।”
পাকিস্তান বিশ্বকাপে না খেললে বিকল্প পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে নাকভি জানান, সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। তবে বোর্ডের কাছে প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—সবই প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।




























