নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে প্রতিবাদ
- আপডেট সময় : ০৫:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২১১২ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন এবং এলাকাবাসীর সঙ্গে যোগ দিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকদিন আগে বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে সহকারী শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি প্রকাশ পেলে তিনদিনের ছুটি নিয়ে তিনি গা-ঢাকা দেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও এমন অভিযোগ উঠেছিল, কিন্তু বিচার না হওয়ায় পুনরায় এ ধরনের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শম্মী কায়সার। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়ে শ্রেণিকক্ষে ফিরেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার মুখ খুলতে রাজি হননি, এবং অভিযুক্ত শিক্ষক বাবু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, তিনি ২০০০ সাল থেকে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে হিসাববিজ্ঞান বিষয়টি পড়াচ্ছেন।


























