আইসিসির সিদ্ধান্তে দ্বিমুখী মানদণ্ড? বাংলাদেশের মতো ভারতকেও বাদ দেওয়া যেত—নাসের হুসেইন
- আপডেট সময় : ০৩:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে আইসিসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নীতি ও সিদ্ধান্ত সব দলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
স্কাই স্পোর্টসের এক পডকাস্টে হুসেইন বলেন, সাম্প্রতিক সময়ে আইসিসি ও শক্তিশালী কিছু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দ্বৈত মানদণ্ড স্পষ্ট হয়ে উঠছে, যা বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট করার ঝুঁকি তৈরি করছে।
তিনি বলেন, ‘কোনো দল যদি দেরিতে এসে জানায় যে তারা সফরে যাচ্ছে না, সে ক্ষেত্রে আইসিসির প্রতিও কিছুটা সহানুভূতি থাকা স্বাভাবিক। তবে প্রকৃত তুলনাটা এখানেই—আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কেবল আইসিসিরই।’
আন্তর্জাতিক ক্রিকেটে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতার ওপর গুরুত্ব দিয়ে হুসেইন বলেন, সব বোর্ড, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সংস্থার জন্য একই নিয়ম কার্যকর হওয়া প্রয়োজন।
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ভবিষ্যতে যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে জানায় যে তাদের সরকার চায় না তারা নির্দিষ্ট কোনো দেশে বিশ্বকাপে খেলুক, তখন কি আইসিসি একই রকম কঠোর অবস্থান নেবে? তারা কি বলবে—নিয়ম তো জানা আছে, দুঃখিত, তোমরা অংশ নিতে পারবে না? সবাই আসলে একটাই জিনিস চায়—সামঞ্জস্য ও ধারাবাহিকতা।’
পডকাস্টে হুসেইন সতর্ক করে বলেন, মাঠের বাইরের সিদ্ধান্তের প্রভাব মাঠের ভেতরেও পড়ছে। হ্যান্ডশেক না করা, ট্রফি গ্রহণে অনীহা কিংবা ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মতো ঘটনা শুধু খেলোয়াড়দের আচরণ নয়, বরং বোর্ডগুলোর অবস্থানের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।




























