বসুন্ধরা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের ৫৭৫ কোটি টাকা আত্মসাৎ মামলা
- আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সাফিয়াত সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে ৫৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা লঙ্ঘন করে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডকে পর্যাপ্ত জামানত ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিকে ৫৭৫ কোটি টাকা ফান্ডেড এবং ৭৫০ কোটি টাকা নন-ফান্ডেডসহ মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। এর মধ্যে বিতরণ করা ৫৭৫ কোটি টাকা ফান্ডেড ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তি এবং ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক।




























