নসরুল হামিদের সিন্ডিকেটে বিদ্যুৎখাতের দুর্নীতি
- আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সময়কালে বিদ্যুৎ খাতে দুর্নীতির গভীর ছাপ পড়েছে। গত ১০ বছরে ভুয়া প্রকল্প, ঘুষ এবং নজিরবিহীন অনিয়মের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) এক ধরনের ‘লুটপাট সিন্ডিকেট’ গড়ে ওঠে। এই চক্রের সঙ্গে সাবেক চার চেয়ারম্যানসহ ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ অনুযায়ী অনুসন্ধান শুরু করেছে। সংস্থার উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, নসরুল হামিদ বিপুর নির্দেশনায় পিডিবিতে গড়ে ওঠা এই ‘মাফিয়া চক্রের’ সদস্যদের অবৈধ সম্পদ নিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে সাবেক চার চেয়ারম্যান—খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন ও আলমগীর কবির—সহ ১৩ কর্মকর্তার সম্পদের উৎস যাচাই করা হচ্ছে।
দুদক আরও জানিয়েছে, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ব্যাংক ঋণ আত্মসাৎ এবং সরকারি সম্পদ দখলের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, অতীতের বিদ্যুৎ সংকটকে কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
অর্থনীতিবিদ মাজেদুল হক বলেন, বিদ্যুৎ সংকটকে পুঁজি করে কিছু গ্রুপ ও বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে, যা রাষ্ট্রীয় অর্থের অবৈধ লেনদেনের মাধ্যমে সুবিধাভোগীকে ধনসম্পদ এনে দিয়েছে।
দুদক অনুসন্ধানকারী দল উল্লেখ করেছেন, ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ আত্মসাৎ, সরকারি জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের নজরদারিতে রাখা হয়েছে।




























