আসিফ আকবরকে নিযুক্ত করা হয়েছে বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হিসেবে
- আপডেট সময় : ০২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৫ বার পড়া হয়েছে
বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। পূর্বে এই দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে আসিফকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনও দেওয়া হয়নি, তবে বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে ইশতিয়াক সাদেক পূর্বে পরিচালক পদে আসেন। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইশতিয়াক জানিয়েছেন, সময়ের অভাবে তিনি গেম ডেভলপমেন্ট বিভাগের কার্যক্রম ঠিকভাবে সামলাতে পারছেন না, এজন্য পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগপত্র এখনও বিসিবি কর্তৃপক্ষ গ্রহণ করেনি।
আসিফ আকবরের নিয়োগ বিশেষভাবে নজর কাড়ছে, কারণ সম্প্রতি তিনি কিছু বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন। কয়েকদিন আগে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে তার মন্তব্য দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।
পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফ বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে দায়িত্ব পালন করছিলেন। এবার তার দায়িত্বের সঙ্গে যুক্ত হলো গেম ডেভলপমেন্ট বিভাগও।




























