ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হচ্ছে
- আপডেট সময় : ১২:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসছে। ডিজেল আমদানি অব্যাহত রাখার অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই চালানটির সরবরাহ শুরু হয়।
পদ্মা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৩১ মার্চের মধ্যে পুরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ সম্পন্ন হবে।
এর আগে, গত ২৪ মার্চ ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টায় তা বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ্ট টার্মিনালে পৌঁছে।
চলতি বছরে এ পর্যন্ত তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আমদানি করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছানোর পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।




























