অবৈধভাবে মজুত করা ২ লক্ষাধিক লিটার জ্বালানি তেল উদ্ধার: জ্বালানি বিভাগ
- আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
সারা দেশে অবৈধভাবে মজুত করা মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন বলেন, এখনও অনেক মানুষের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা রয়েছে। কেউ কেউ বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুত করছেন। এ ধরনের অবৈধ মজুতদারি রোধে অভিযান চালিয়ে ইতোমধ্যে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবুও কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে।
জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে আরও দুটি কার্গো জ্বালানি তেল আসার কথা রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে ৬ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের (সাংশন ওয়েভার) আবেদন করেছে সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
তিনি আশ্বস্ত করে বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে। এছাড়া এপ্রিল মাসে বিভিন্ন জাহাজে করে আরও ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন তেল দেশে পৌঁছাবে, যার মধ্যে একটি জাহাজ আজ এবং আরেকটি ৩ এপ্রিল আসার কথা রয়েছে।




























