ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
- আপডেট সময় : ১২:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এর ফলে মার্চ মাসে ভারত থেকে মোট ডিজেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার মেট্রিক টন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে চালানটি ডিপোতে পৌঁছায় বলে জানিয়েছেন পদ্মা ওয়েল পিএলসি পার্বতীপুর রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।
তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে তা পার্বতীপুরে পৌঁছায়।
জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। এর আগে ১১ মার্চ প্রথম ধাপে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসে। পরবর্তী দুই ধাপে আরও ১০ হাজার মেট্রিক টন আমদানি করা হয়। সব মিলিয়ে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন এবং সর্বশেষ চালানসহ মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে দেশে।
সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপোতে ছুটির দিনেও কার্যক্রম চালু রাখা হয়েছে।
এদিকে, এপ্রিল মাসে আরও ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০ হাজার মেট্রিক টন করে ডিজেল পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।




























