সপ্তাহখানেকের মধ্যে চালু হচ্ছে ফুয়েল কার্ড অ্যাপ: জ্বালানি বিভাগ
- আপডেট সময় : ০১:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
জ্বালানি বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে জ্বালানি তেল বিক্রয়ের জন্য ফুয়েল কার্ড প্রদান করার একটি অ্যাপ চালু হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, নাগরিকরা যদি জ্বালানি তেলের মজুতের প্রবণতা এড়িয়ে চলেন, তাহলে দেশে কোনো সংকট হবে না। এই সময়ে প্রত্যেককে জ্বালানি সাশ্রয় করে জাতীয় স্বার্থে অবদান রাখতে হবে। সরকার জনগণের কথা ভেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি।
মনির হোসেন চৌধুরী আরও জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। ইরান থেকে হরমুজ প্রণালীর মাধ্যমে ছয়টি জাহাজ আসার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছালে সেখানে কোনো তেল সংকট থাকবে না। পাশাপাশি, সিঙ্গাপুর, কাজাখস্তান, উজবেকিস্তানসহ মধ্যএশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।




























