সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা থাকলেও প্রথম দিন তা মানা হয়নি; ব্যবসা চলেছে রাত পর্যন্ত।
- আপডেট সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২১১৯ বার পড়া হয়েছে
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট ও দোকানপাট বন্ধের সরকারি সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় প্রথম দিনেই তা মানা হয়নি রাজধানীতে। নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে ব্যবসায়ীরা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় তারা দোকান খোলা রেখেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, নির্দেশনা উপেক্ষা করেই চলছে বেচাকেনা।
সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট এলাকায় দেখা যায়, সব দোকান খোলা এবং ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এক ক্রেতা বলেন, “দোকানপাট খোলা আছে, স্বাভাবিকভাবেই কেনাকাটা চলছে। কোনো বাধা নেই।” আরেকজন জানান, “সরকার নিশ্চয়ই চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে, তাই তা মানা উচিত।”
ব্যবসায়ীদের মতে, সরকারি সিদ্ধান্ত তারা মেনে চলতে বাধ্য। তবে মালিক সমিতির নির্দেশনা না থাকায় প্রথম দিন দোকান বন্ধ করা সম্ভব হয়নি। সামনে পহেলা বৈশাখকে ঘিরে ব্যবসার চাপ থাকায় অনেকেই দোকান খোলা রাখার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রস্তাব পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে।
নিউমার্কেটের এক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী বলেন, “সন্ধ্যার পরই মূলত ক্রেতা বাড়ে। তাই রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ থাকলে আমাদের জন্য ভালো হয়।”
যদিও সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন রয়েছে, তবুও নিউমার্কেট দোকান মালিক সমিতি রাত ৮টা পর্যন্ত সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছে। সমিতির আহ্বায়ক এম ডি মকবুল সরদার জানান, “সময় রাত ৮টা পর্যন্ত করা হলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন, নাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে শনিবার থেকে সবাইকে জানিয়ে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, রাত ৮টার দিকে দোকান বন্ধের জন্য মালিক সমিতিকে মাইকিং করতে দেখা গেছে।




























