বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে
- আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২১৪৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্ধ থাকবে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ওই দিন বগুড়া-৬ (আসন নং ৪১) ও শেরপুর-৩ (আসন নং ১৪৫) শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ কারণে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।




























