আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির রায়
- আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১৩৫ বার পড়া হয়েছে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুজন হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনই বর্তমানে গ্রেপ্তার আছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় পাঠ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় মোট ৩০ জন আসামি রয়েছে। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন, তারা হলেন:
- সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
- সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল
- সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ
- সাবেক এএসআই আমির হোসেন
- সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ
বাকি ২৪ জন পলাতক। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগ নেতারা। উল্লেখযোগ্য পলাতকরা হলেন:
- সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ
- সাবেক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান
- সাবেক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল
- সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান
- সাবেক এমএলএসএস ও নিরাপত্তা প্রহরী
- রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ
- সাবেক পুলিশ কর্মকর্তারা মো. মনিরুজ্জামান, মো. আবু মারুফ হোসেন, মো. শাহ নূর আলম পাটোয়ারী প্রমুখ
রায় ঘোষণার সময় গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।




























