ঢাকা ও সিরাজগঞ্জে ডিবির হেফাজতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে
- আপডেট সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
ঢাকা ও সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে দুই নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। দুটি সংগঠনই ঘটনাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তারা এসব কথা জানায়।
আসকের দাবি: বিচার বিভাগীয় তদন্ত
আসক জানায়, গণমাধ্যমের সূত্রে ঢাকা ও সিরাজগঞ্জে ডিবি হেফাজতে মুক্তার হোসেন ও শাহাদত হোসেনের মৃত্যুর খবর উদ্বেগজনক। সংগঠনটি মনে করে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক দায়িত্ব। এ ধরনের মৃত্যু সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন বাহিনীর হেফাজতে কমপক্ষে ১৫ জন নাগরিকের মৃত্যু ঘটেছে—যা জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার বহিঃপ্রকাশ। প্রতিটি ঘটনার স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার দাবি জানায় আসক।
এমএসএফের নিন্দা ও ক্ষোভ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) একইভাবে দুই ব্যক্তির মৃত্যুতে তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানায়। সংগঠনটি জানায়, নিহত দুজন অভিযুক্ত আসামি হলেও স্বজনদের অভিযোগ—ডিবি হেফাজতে নির্যাতনের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। এমএসএফের মতে, রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতন বা মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।
ফাউন্ডেশনটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্বজনদের আনীত অভিযোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।




























