হাইকোর্টে বিচারক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি
- আপডেট সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২১২৩ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নির্ধারিত ফরম পূরণের পর আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকের মাধ্যমে দরখাস্ত জমা দিতে হবে।
চলতি বছরের ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের জন্য স্থায়ী ও স্বতন্ত্র সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে। অধ্যাদেশে বলা হয়েছে, যোগ্য ব্যক্তিকে বাছাই করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার লক্ষ্যেই এ কাঠামো তৈরি করা হয়েছে।
অধ্যাদেশের ৩ ধারা অনুযায়ী, ‘এই অধ্যাদেশ অনুসারে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকিবে, যাহা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে পরিচিত হইবে।’ এ কাউন্সিলের চেয়ারপারসন হলেন প্রধান বিচারপতি।
অধ্যাদেশের ৭ (ক) ধারায় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের নির্দেশনা রয়েছে। এই কাউন্সিল গঠনের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো এর মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়।




























