এনইআইআর চালু ১৬ ডিসেম্বর, অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় মার্চ ২০২৬ পর্যন্ত
- আপডেট সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২৩২৩ বার পড়া হয়েছে
মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড বা রিফার্বিশড ডিভাইস, বিদেশ থেকে আনা পুরোনো ফোনসহ বিভিন্ন অনিবন্ধিত ডিভাইসের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও এমএফএস-সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ প্রতিরোধ এবং শুল্ক ফাঁকি বন্ধে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে National Equipment Identity Register (NEIR) কার্যক্রম চালু করা হচ্ছে। এই সময়ের মধ্যে সব অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের প্রাথমিক নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল।
তবে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে গত তিন দিনের ধারাবাহিক আলোচনার পর তাঁদের দাবি বিবেচনায় নিয়ে দেশে থাকা সব অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে বাড়িয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
মোবাইল ফোন আমদানিতে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা নেই। কোন মডেল বা কত পুরোনো ফোন আমদানি করা যাবে—এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে। তবে আমদানির ক্ষেত্রে সরকারকে যথাযথভাবে অবহিত করতে হবে। এ বিষয়ে সব পক্ষকে আগামীকাল লিখিতভাবে জানিয়েও দিতে বলা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন আমদানিতে শুল্কহার পুনর্নির্ধারণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, যেখানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার ভূমিকা পালন করবে। আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে যৌথভাবে সরকারের কাছে প্রস্তাব দিতে সম্মত হয়েছে।
নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে, যেটিকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা দৃঢ় সমর্থন জানিয়েছেন।



























