মুক্তিযোদ্ধা চাচাকে বাবা হিসেবে দেখিয়ে চাকরি নেয়ার অভিযোগে সিনিয়র সহকারী সচিব কারাগারে
- আপডেট সময় : ০৩:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
আপন চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন বাতিল করে এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি একাধিকবার জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তার জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর কামাল হোসেন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। পরে ২৩ ডিসেম্বর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তখন তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা ও ডিএনএ পরীক্ষা পর্যন্ত অংশ নেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়। তবে দুই দফায় এসব শর্ত পালন না করায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মো. কামাল হোসেনের প্রকৃত পিতা মো. আবুল কাশেম এবং মাতা মোছা. হাবীয়া খাতুন। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তিনি আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে নিজের পিতা-মাতা হিসেবে পরিচয় দেন। এই জালিয়াতির মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন বলে অভিযোগে বলা হয়।
দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার সময় কামাল হোসেন তার প্রকৃত পিতা মো. আবুল কাশেমের নাম ব্যবহার করেন। তবে নবম শ্রেণিতে ওঠার পর একই বিদ্যালয়ে রেজিস্ট্রেশনের সময় তিনি কৌশলে চাচা ও চাচিকে নিজের পিতা-মাতা হিসেবে অন্তর্ভুক্ত করেন।
মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।




























