ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের পুলিশ সদস্যদের সঙ্গে বডি ক্যামেরা থাকবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীর ১৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রত্যেকটিতে চারজন পুলিশ মোতায়েন থাকবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ দায়িত্ব পালন করবেন।
ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্রের প্রত্যেকটিতে সাতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে মোতায়েন করা হবে।
কমিশনার বলেন, নির্বাচনে কোনো সরাসরি হুমকি নেই এবং বর্তমান পরিস্থিতি সাধারণ সময়ের তুলনায় ভালো ও শান্তিপূর্ণ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।




























