ডিজিএফআইতে নতুন ডিজি নিয়োগ
- আপডেট সময় : ১২:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমান ডিজিএফআই মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সেনাবাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রদবদলও করা হয়েছে। চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি আগে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি ছিলেন।
২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতির আগে এই দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, যাকে বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি পদে নিযুক্ত হয়েছেন। এছাড়া, ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।




























