শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময় বৃদ্ধি
- আপডেট সময় : ০১:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত কথিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ওই ঘটনাকে ঘিরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক।
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষ থেকে করা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।




























