সাতক্ষীরায় শহীদ সাঈদীসহ গণআন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ২০২৪ সালের গণআন্দোলনে শাহাদাতবরণকারী এবং মুন্সিপাড়ার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় মুন্সিপাড়া জামায়াত কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন পথিকৃৎ। তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে যারা শাহাদাতবরণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের জন্য দোয়া করা এবং পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার, শহর জামায়াতের আমির আলহাজ্ব জাহিদুল ইসলাম, শহর নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা দেলাওয়ার হোসাইন হুজাইফী।
বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম, ইসলামী আন্দোলনে তাঁর ভূমিকা এবং ২০২৪ সালের গণআন্দোলনে শাহাদাতবরণকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে মুন্সিপাড়াসহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা হয়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং গণআন্দোলনে শাহাদাতবরণকারীসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



























